EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বসুন্ধরা গ্রুপের সহায়তায়

সেলাই মেশিনে স্বপ্ন বুনছেন গৌরীপুরের ২০ অসচ্ছল নারী

ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম

সেলাই মেশিনে স্বপ্ন বুনছেন গৌরীপুরের ২০ অসচ্ছল নারী
অ অ

পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন মরিয়ম আক্তার রিয়ার। গৌরীপুরের স্থানীয় একটি মাদরাসায় আলিম পড়ছেন তিনি। বাবা কৃষক, মা গৃহিণী। কৃষিকাজের সীমিত আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে নিজের পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারকে সহযোগিতা করার ইচ্ছা আরও দৃঢ় হয় রিয়ার।

তার সেই স্বপ্ন পূরণের পথে সহায়তা করেছে বসুন্ধরা শুভসংঘ। তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন। এখন পড়াশোনার পাশাপাশি সেলাইয়ের কাজ করে আয় করার সুযোগ তৈরি হয়েছে তার। পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজের ভবিষ্যৎ গড়ার পথও খুলেছে।

রিয়ার মতো কাকলী রানী দাসের জীবনেও সংগ্রামের গল্প দীর্ঘ। মা-বাবা নেই। পাঁচ ভাই-বোনের সংসারে একজন ছাড়া বাকি সবাই বেকার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা কাকলীর হাতে একটি সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করার সুযোগ তৈরি হওয়ায় পরিবারের প্রয়োজন মেটাতে এই মেশিনটি তার জন্য হয়ে উঠেছে নতুন আশার প্রতীক।

মরিয়ম ও কাকলীর গল্প আলাদা হলেও তাদের স্বপ্ন এক—অভাবকে জয় করে নিজের হাতে ভবিষ্যৎ গড়ে তোলা। আর সেই স্বপ্ন পূরণের পথে সেলাই মেশিন হয়ে উঠেছে তাদের আত্মনির্ভরতার নতুন হাতিয়ার।

সম্প্রতি গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে জীবনসংগ্রামে এগিয়ে চলা ২০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নন্দিত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলিম আল রাজ এবং সভাপতিত্ব করেন শংকর ঘোষ পিলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমান, সাবেক আহ্বায়ক রইছ উদ্দিন, নান্দাইলের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল হাসান কামু ও গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ আজহারসহ অনেকে।

হাবিবুর রহমান বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার উদ্যোগটি সময়োপযোগী। এর মাধ্যমে নারীরা ঘরে বসে আয় করার সুযোগ পাবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

দেবাশীষ কর্মকার বলেন, সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়; এটি নারীদের আত্মনির্ভর হওয়ার এবং পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি করবে। প্রশিক্ষণের পর তাদের হাতে মেশিন তুলে দেওয়ায় উদ্যোগটি আরও অর্থবহ হয়েছে।

ইমদাদুল হক মিলন বলেন, দরিদ্র পরিবারের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে তাদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পেলে একজন নারী পরিবার, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বসুন্ধরা শুভসংঘ অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিকতার চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।

আরও পড়ুন