EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার প্রকল্প

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ এএম

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার প্রকল্প

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

অ অ

লালমনিরহাটের মোগলহাট ও আশপাশের এলাকা নদীভাঙন থেকে রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় মোগলহাট রেলস্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মোগলহাট ও আশপাশের ভাঙনকবলিত এলাকা রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। দক্ষিণ সীমানা থেকে কুড়িগ্রাম সীমান্ত পর্যন্ত বিস্তৃত এ প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে বলে জানান তিনি।

দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিগগির মোগলহাট পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর। বন্দরটি পুনরায় সচল করার উদ্যোগ বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

মোগলহাটকে অপরাধ, মাদক ও বাল্যবিবাহমুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি এবং প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে মন্ত্রী লালমনিরহাটের বিজিবি ক্যান্টিন মোড়ে ভুট্টা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন