EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অপকর্ম করলে দলের কেউ দায় নেবে না: আবুল খায়ের ভূঁইয়া

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম

অপকর্ম করলে দলের কেউ দায় নেবে না: আবুল খায়ের ভূঁইয়া
অ অ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে চরুহিতা ইউনিয়নের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। এ সময় ড. মাহবুবুর রহমান খোকন, মহিউদ্দিন পাটোয়ারী, বিটুসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘অপকর্ম করলে পার্টি কারও দায়িত্ব নেবে না। ব্যক্তিগত স্বার্থে এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয় কিংবা দল ও সরকারকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে হয়।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কেউ কোনো কাজ করলে তা মেনে নেওয়া হবে না। দলের অসংখ্য নেতাকর্মীর ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আজকের অবস্থান তৈরি হয়েছে। অনেকে এখনো পঙ্গুত্বের জীবনযাপন করছেন, কেউ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন, আবার কেউ চোখের চিকিৎসা নিচ্ছেন।’

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু বিচার-বিশ্লেষণ করেই আমরা সিদ্ধান্ত দেব এবং তা ঘোষণা করা হবে। একজন চেয়ারম্যান, নয়জন পুরুষ সদস্য ও তিনজন নারী সদস্য—দলের পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া হবে, তাদের বাইরে কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না।’

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে সাংগঠনিকভাবে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের মনোনয়নের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে। তবে কোনো এলাকায় দলের ভালো প্রার্থী না থাকলে আগে দলের সঙ্গে সরাসরি কাজ করেননি, কিন্তু এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে—এমন ব্যক্তিকেও বিবেচনা করা হতে পারে।

তিনি বলেন, ‘সবকিছুই দলীয়ভাবে যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক ভূমিকা, জনপ্রিয়তা, দলের প্রতি আনুগত্য ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

আরও পড়ুন