EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

যুবসমাজকে মাদক ও সাইবার অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

ডেইলি সান রিপোর্ট, মাগুরা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম

যুবসমাজকে মাদক ও সাইবার অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই
অ অ

যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (২ অক্টোবর) মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা বিকাশে ভূমিকা রাখে। তরুণদের উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

নিতাই রায় চৌধুরী বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ পুলিশ জননিরাপত্তার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমেও ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা ও নৌকাবাইচের মতো ঐতিহ্যবাহী খেলাধুলা দেশের সংস্কৃতির অংশ। এসব খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

সুস্থ সংস্কৃতিচর্চাকে সামাজিক অবক্ষয় মোকাবিলার অন্যতম মাধ্যম উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে মাগুরার পুলিশ সুপার খেলোয়াড়দের শপথ পাঠ করান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান খিজিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ভাষা শহীদদের স্মরণে নোমানী ময়দানে নির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে জেলা, পৌর ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রশাসন ও পুলিশের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন