EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার এলজিআরডি মন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম

জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার এলজিআরডি মন্ত্রীর
অ অ

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটোরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকারি কাজে ভুলত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মিথ্যা তথ্য ও প্রচারণা থেকে বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক উল্লেখ করে তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম শুধু উন্নয়ন প্রকল্পকেন্দ্রিক না করে মাঠপর্যায়ের মানুষের প্রয়োজনের ভিত্তিতে পরিচালনা করা প্রয়োজন।

তিনি বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণ জোরদার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেন।

মাঠপর্যায়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দের পাশাপাশি বড় শহরগুলোতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং ছোট পৌরসভা ও উপজেলায় কম খরচে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন