EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কর্মসংস্থান হারানো পোশাক শ্রমিকদের পাশে যুব নেতৃত্বের আহ্বান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

কর্মসংস্থান হারানো পোশাক শ্রমিকদের পাশে যুব নেতৃত্বের আহ্বান
অ অ

কারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান হারানো পোশাক শ্রমিকদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নে যুব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের দক্ষতা বাড়াতে সরকারি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বিজয়নগরের মোসাদ্দেক হোসেন স্বপন হলে ‘কর্মসংস্থান হারানো পোশাক শ্রমিকদের পাশে যুব নেতৃত্ব: উদ্যোগ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়। যুব-কেন্দ্রিক শ্রমিক অধিকারকর্মীদের প্ল্যাটফর্ম ‘যুবকেন্দ্রিক শ্রমিক অধিকারকর্মী বাংলাদেশ’ (ইয়ুথ-ফোকাস লেবার অ্যাক্টিভিস্ট বাংলাদেশ) সভাটির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন কারণে পোশাক কারখানা বন্ধ হয়ে শ্রমিকেরা কর্মসংস্থান হারাচ্ছেন। পরে নানা সংকটের কারণে তাদের অনেকেই নতুন করে চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

বিজিএমইএর ১৭ সেপ্টেম্বরের এক প্রেস ব্রিফিংয়ের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৩১টি কারখানা বন্ধ হয়ে ১৪ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন। একই সময়ে ৫৩টি নতুন কারখানা চালু হওয়ায় ২৪ হাজার মানুষের নতুন কর্মসংস্থান হয়েছে। তবে সার্বিকভাবে কর্মসংস্থানের পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নেই বলে তিনি মন্তব্য করেন।

আসাদুজ্জামান চৌধুরী বলেন, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শ্রমিকদের দক্ষতা উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি পদক্ষেপের পাশাপাশি শ্রমিক অধিকারকর্মীদেরও সহায়ক ভূমিকা পালন করা দরকার।

সভায় প্ল্যাটফর্মটির উপদেষ্টা ও অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক ফারিন আলমগীর বলেন, জুট ও পোশাকশ্রমিকদের নিয়ে গবেষণার সময় তাদের জীবনযাত্রার বিভিন্ন সমস্যা সম্পর্কে জানার সুযোগ হয়েছে। যথাযথ প্রতিনিধিত্ব ও কার্যকর উদ্যোগের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি বলেন, শ্রমিক প্রতিনিধিরা মালিকদের সঙ্গে সামাজিক সংলাপের সুযোগ তৈরি করতে পারলে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে মালিকপক্ষও ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভায় শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, শ্রম সচেতনতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক অসন্তোষ নিরসনে সামাজিক সংলাপের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

সভায় প্ল্যাটফর্মটির নেতাদের মধ্যে জাহানারা ইমাম, মো. মোস্তফা, মো. বায়েজিদ হোসেন, শাহরিয়ার নাফিজ, ফখরুল আলম সৌখিন ও মো. শরীফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

যুবকেন্দ্রিক শ্রমিক অধিকারকর্মী বাংলাদেশ এর আগে জিএসপি প্লাস বাতিল রোধে কারখানা শ্রমিক ও তাদের প্রতিনিধিদের ভূমিকা এবং ট্রেড ইউনিয়নকর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সভা ও কার্যক্রম পরিচালনা করেছে।

আরও পড়ুন