EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

উৎপাদনশীলতা বাড়াতে দক্ষ জনশক্তি গড়ার আহ্বান

‘৯ মণ তেলও পুড়বে না, রাধার বিয়েও হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

উৎপাদনশীলতা বাড়াতে দক্ষ জনশক্তি গড়ার আহ্বান
অ অ

উৎপাদনশীলতা বাড়াতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি এম ইমরুল কায়েস।

শুক্রবার (২ অক্টোবর) সকালে বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পি এম ইমরুল কায়েস বলেন, শুধু পুথিগত বা শিক্ষাগত যোগ্যতা দিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি হয় না। সময়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহার ও দক্ষতার বিকাশ ঘটাতে হবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় বগুড়ার কটন মিল, সাবান কারখানা ও সিরামিক কারখানাসহ অনেক ভারী ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, যেসব সুযোগ ও সম্পদ বর্তমানে রয়েছে, সেগুলো কাজে লাগিয়েই এগিয়ে যেতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে সন্তানদের আগ্রহ ও সক্ষমতার দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। শুধু সন্তান সরকারি কর্মকর্তা হবে—এমন প্রত্যাশা থেকে বেরিয়ে এসে বিভিন্ন পেশায় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

তিনি এ প্রসঙ্গে বাংলা ভাষার প্রচলিত প্রবাদ ‘৯ মণ তেলও পুড়বে না, রাধার বিয়েও হবে না’ উল্লেখ করে বলেন, অযৌক্তিক অজুহাতে কোনো কাজ এড়িয়ে গেলে বা ঝুলিয়ে রাখলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন বলেন, উৎপাদনশীলতা বাড়াতে কৃষি, শিল্প ও প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানো প্রয়োজন। বাংলাদেশে বিপুল কৃষিজমি রয়েছে। এই সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

তিনি বলেন, শুধু ভালো কথা বললেই হবে না, উৎপাদনশীলতা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতার প্রক্রিয়া আরও কার্যকর করা প্রয়োজন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) জ্যোতি বিকাশ চন্দ্র। সভা পরিচালনা করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ফয়সাল আহমাদ।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ, জেল সুপার মো. আসাদুর রহমান, বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন পারভীন, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তাঁরা উৎপাদনশীলতা বাড়ানোর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন