মৌলভীবাজারে পাহাড়িকা এক্সপ্রেসের সাত বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলের পাহাড়ি ঢালে ওঠার সময় এ ঘটনা ঘটে
ডেইলি সান রিপোর্ট, মৌলভীবাজার
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলের পাহাড়ি ঢালে ওঠার সময় এ ঘটনা ঘটে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস বেলা ১টা ৬ মিনিটে ভানুগাছ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরের পাহাড়ি ঢালে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছনের সাতটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ ঘটনার পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য এলাকার রেল যোগাযোগও ব্যাহত হয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর রেলওয়ের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে মেরামতের কাজ শুরু করেছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে।