EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মিরপুরে সরকারি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

মিরপুরে সরকারি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

ছবি: পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিমের সরকারী কর্মকর্তা/কর্মচারীদের আবাসন প্রকল্প। সংগৃহীত

অ অ

রাজধানীর মিরপুর-১ এ ভবনের লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিমের সরকারী কর্মকর্তা/কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। আহতদের উদ্ধার করে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।  এদের মধ্যে নাইস আহদের দুটি পা ভেঙে গেছে বলে জানিয়েছেন পঙ্গু হাসপাতালের চিকিৎসক।

ভবনের সাধারণ সম্পাদক বাংলাদেশ সহকারী কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ফজরের নামাজের পর ভবনের ৫ তলার তিন বাসিন্দা লিফটে উঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে পড়ে। শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতরে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।

তিনি জানান, লিফটের বিষয়টি কয়েকবার গণপূর্ত বিভাগের কাছে চিঠি দিয়ে জানানো হলেও তারা কর্ণপাত করেনি।

লিফটটি দীর্ঘদিন ধরে প্রায়ই অচল থাকার অভিযোগ রয়েছে। যৎসামান্য মেরামত করে লিফটটি চালানো হচ্ছিল। লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনায় সেখানে বসবাসকারী সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোকসেদ আলী বলেন, ‘বারবার জানানোর পরও মেরামতের অযোগ্য লিফটটি মেরামত করে চালানো হয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টির দ্রুত সমাধান করার দাবি জানাচ্ছি।’

বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পটিতে মোট ৮টি ভবন রয়েছে। অধিকাংশ ভবনের লিফটের অবস্থাই ভালো নয়। ঠিকমতো মেরামতও করা হচ্ছে না। যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা জানান তারা।

আরও পড়ুন