মিষ্টির পদত্যাগপত্র পেয়েছেন স্পিকার
সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টির সংসদ সদস্য পদ শূন্য হয়েছে বলে জানিয়েছেন স্পিকার।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম
ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টির সংসদ সদস্য পদ শূন্য হয়েছে বলে জানিয়েছেন স্পিকার। পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার বলেন, ‘সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গেছেন। সংবিধানের বিধান অনুযায়ী পত্রটি পাওয়ার পরই তার পদ শূন্য হয়ে গেছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।’
পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদের বিধান অনুযায়ী কোনো এমপি পদত্যাগ করলে পদত্যাগপত্রে কারণ উল্লেখ করার নিয়ম নেই।