পুষ্টি পরিস্থিতি উন্নয়নে সমন্বিত বিনিয়োগের আহ্বান বাংলাদেশের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ এএম
ছবি: সংগৃহীত
ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত মাইক্রোনিউট্রিয়েন্ট ফোরামের সপ্তম বৈশ্বিক সম্মেলনে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সরকারের নেতৃত্বে ও দেশীয় অর্থায়নে বহুখাতভিত্তিক সমন্বিত পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সম্মেলনের ‘সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার: পুষ্টি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিতকরণ’ শীর্ষক প্লেনারি অধিবেশনে বক্তব্য দেন তিনি।
ড. হায়দার বলেন, পুষ্টি পরিস্থিতির উন্নয়নে শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব, টেকসই অর্থায়ন এবং বিভিন্ন খাতের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। একই ভৌগোলিক এলাকার ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর কাছে পর্যাপ্ত পরিসরে সমন্বিত পুষ্টিসেবা পৌঁছে দিতে হবে।
এ জন্য উচ্চপর্যায়ের রাজনৈতিক তত্ত্বাবধান, দেশীয় অর্থায়ন বৃদ্ধি, পুষ্টিঝুঁকির ভিত্তিতে এলাকা নির্ধারণ, স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো এবং স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) এবং সামাজিক সুরক্ষাসহ সংশ্লিষ্ট সব খাতের যৌথ জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পুষ্টি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হলেও দেশের পাঁচ বছরের কম বয়সী ২৪ শতাংশ শিশু এখনো খর্বকায়ত্বে (স্টান্টিং) ভুগছে। একই সঙ্গে মাতৃঅপুষ্টি ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও বিকাশের জন্য বড় হুমকি হয়ে আছে।
প্লেনারি অধিবেশনটি যৌথভাবে সঞ্চালনা করেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (GAIN) নলেজ লিডারশিপ ম্যানেজার মুদুদুজি এমবুয়া এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (IFPRI) নিউট্রিশন, ডায়েটস অ্যান্ড হেলথ বিভাগের পরিচালক ডিয়ানা ওলনি। অধিবেশনে তানজানিয়া, বিশ্বব্যাংক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), গেটস ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব নিউট্রিশনাল সায়েন্সেসের (IUNS) উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।