আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
ডাবলিনের কূটনৈতিক এলাকা বলস ব্রিজের আলেকজান্দ্রা হাউসে অস্থায়ী চ্যান্সারি থেকে মিশনটির প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:১৪ এএম
ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে দূতাবাসের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশটিতে বসবাসরত প্রায় ২৫ হাজার বাংলাদেশি নাগরিকের সঙ্গে সম্পৃক্ততার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হলো।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাবলিনের কূটনৈতিক এলাকা বলস ব্রিজের আলেকজান্দ্রা হাউসে অস্থায়ী চ্যান্সারি থেকে মিশনটির প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নূর আলম বৃহস্পতিবার মিশনটির দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি যথাসময়ে আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করবেন বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
মিশনটি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদার করতে কাজ করবে।
প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা চালু করা হবে। এসব সেবা বাংলাদেশি নাগরিকসহ অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
কনস্যুলার সেবা চালুর তারিখ, পদ্ধতি ও এ-সংক্রান্ত অন্যান্য তথ্য সরকারিভাবে জানানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক দূতাবাসের মাধ্যমে আয়ারল্যান্ডের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা করছে বাংলাদেশ।