২৪ ঘণ্টা সেবা দিতে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয় চালু
বসুন্ধরাবাসীর জন্য এক কলেই মিলবে নানা সেবা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: কামরুল ইসলাম রতন
বাসিন্দাদের ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা দিতে অসাধারণ উদ্যোগ নিয়েছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে চালু করেছে তাদের নতুন কার্যালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স টাওয়ার বিল্ডিংয়ের ১২ তলায় ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। এরপর এক দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয় প্রাতিষ্ঠানিক কার্যক্রম।
উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, নির্বাহী সহ-সভাপতি কাজী দীদার আহম্মেদ, সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন শেখ ইহসান রেজা (অব.) এবং অর্থ সম্পাদক ইমরুল হাসানসহ সোসাইটির সদস্যরা।

অনুষ্ঠানে বলা হয়, নতুন কার্যালয়ের মাধ্যমে সোসাইটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি বাসিন্দাদের বিভিন্ন প্রয়োজন, অভিযোগ ও সেবাসংক্রান্ত বিষয়ে আরও দ্রুত ও কার্যকরভাবে সহযোগিতা দেওয়া সম্ভব হবে।
সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, এই আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল, বাসযোগ্য ও কল্যাণমুখী পরিবেশ নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর কমিউনিটি গড়ে তোলাই তাদের লক্ষ্য। নতুন কার্যালয়টি সেই লক্ষ্য বাস্তবায়নে সেবা কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নেবে।
বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শেখ মজিবর রহমান ইকবাল বলেন, আমরা বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিসে মিলাদ করালাম। আজ থেকে এখানে আমাদের কার্যক্রম শুরু হবে। বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি অক্লান্ত পরিশ্রম করে এমন এক জায়গায় পৌঁছেছে, যা সারা বাংলাদেশের জন্য মডেল হয়ে দাঁড়িয়েছে। এখানে বসুন্ধরা এলাকায় লোকজন বাড়ির দরজা-জানালা খোলা রেখে ঘুমাতে পারে। এখানকার লোকজন যেন শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আগামীতে যেন বসুন্ধরাবাসী আরও বেশি সুবিধা পায়, তার জন্য যাবতীয় কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে।
সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন শেখ ইহসান রেজা (অব.) বলেন, বসুন্ধরাবাসীর উন্নত সেবার জন্য নতুন অফিসের যাত্রা শুরু হয়েছে। এই অফিসের মাধ্যমে সোসাইটির কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে, বাসিন্দাদের বিভিন্ন প্রয়োজন, সেবা এবং সেবামূলক বিষয়গুলোতে আরও দ্রুত ও কার্যকর সহায়তা দিতে সক্ষম হবো। সোসাইটির লক্ষ্য হলো বসুন্ধরার বাসিন্দাদের নিরাপদ, সুশৃঙ্খল এবং কল্যাণমুখী পরিবেশ দেওয়া। এ অফিস আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, আমরা বসুন্ধরাবাসীর জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা দেব। ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে বিভিন্ন ব্লকে ওষুধও সরবরাহ করা হবে। অন্যান্য ইউটিলিটি সার্ভিস, প্লাম্বিং ও ইলেকট্রিশিয়ানের সেবাও এক কলেই পাওয়া যাবে। আমরা ২৪ ঘণ্টার কল সার্ভিস চালু করেছি। ভবিষ্যতে সব সেবা একটি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাব, যেন অ্যাপের মাধ্যমেই এসব সেবা গ্রহণ করা যায়।