লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সমাজসেবা অধিদপ্তরের র্যালি। ছবি: ডেইলি সান
‘দীর্ঘ জীবনের নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা কালেক্টরেট ভবন (জেলা প্রশাসকের কার্যালয়) প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার হালদার।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক জেড এম ফারুকী ও সাবেক শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া।
সভায় বক্তারা প্রবীণদের অধিকার ও সুরক্ষার বিষয়ে আলোকপাত করে বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আমাদের পথ চলার পাথেয়। তাই পারিবারিক ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রবীণদের সর্বোচ্চ মর্যাদা, নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।