জমজমের পানি সরবরাহে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম
পবিত্র উমরাহ পালন শেষে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্ব হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৩৮। ফ্লাইটটির উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, কনটেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছায়নি।
ঘটনাটি নজরে আসার পর যাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে বিমান কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে। পরে অপর কনটেইনারটি শনাক্ত করা হয়। এরপর সেটিও দ্রুত সরবরাহ করা হয়।
দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সেবার মান ও কাজের দায়বদ্ধতা নিশ্চিত করতে মন্ত্রীর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও সর্বোচ্চ মানের সেবা দিতে তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।