যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি
সিদ্ধান্ত অনুযায়ী, তিন শিক্ষককে তাদের বর্তমান পদ থেকে নিম্নতর পদে অবনমন করা হয়েছে
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
যৌন হয়রানির অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, তিন শিক্ষককে তাদের বর্তমান পদ থেকে নিম্নতর পদে অবনমন করা হয়েছে।
পদাবনতি পাওয়া শিক্ষকেরা হলেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।
জানা যায়, গত বছরের ১৯ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম ও এক ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ছাত্রী নিজের পরিচয় গোপন রেখে এসব স্ক্রিনশট প্রকাশ করেন। পরে নিজের ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি নিয়ে বিস্তারিত একটি স্ট্যাটাস দেন। পরবর্তীতে ওই স্ট্যাটাস ও স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে।
এর আগে, গত বছরের ১৭ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিং ও হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌন হয়রানির অভিযোগে বুধবার সিন্ডিকেটের সভায় তিন শিক্ষকের পদাবনতি করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শাকিবুল ইসলামের বিরুদ্ধে ২০২৫ সালের ২ নভেম্বর একই বিভাগের এক শিক্ষার্থী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে যৌন হয়রানির অভিযোগ করেন।
একই বছরের ৩০ অক্টোবর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনের বিরুদ্ধে একই বিভাগের এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার লিখিত অভিযোগ জমা দেন।