EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় স্থাপনে কেউ আগ্রহী হলে সহযোগিতা করবে সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম

বাংলাদেশে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় স্থাপনে কেউ আগ্রহী হলে সহযোগিতা করবে সরকার
অ অ

শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন এবং আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। শিক্ষা খাতে বিশ্বব্যাংকের অর্থায়ন এবং ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পরিচালিত হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রভাব ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। মাহ্দী আমিন বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনে কোনো প্রতিষ্ঠান বা বিনিয়োগকারী আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

তিনি বলেন, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

বৈঠকে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। শিক্ষার মান ধরে রাখা এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়নের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

মাহ্দী আমিন বলেন, শিক্ষা খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা এবং উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, শিক্ষা খাতে সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে তৃতীয় ভাষা শিক্ষা চালু, সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি, উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং বাধ্যতামূলক কারিগরি ল্যাব চালু করা।

এ ছাড়া পরীক্ষাগার সুবিধার আধুনিকায়ন, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইকোসিস্টেম অফিস স্থাপন, স্টার্টআপ ফান্ড গঠন, উদ্ভাবন কার্যক্রম জোরদার এবং ক্যারিয়ার কাউন্সেলিং অফিস চালুর উদ্যোগের কথাও জানান মাহ্দী আমিন। জব ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ঋণ কর্মসূচি চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

বৈঠকে হিট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও প্রশিক্ষকদের অভিজ্ঞতা, প্রকল্পটির প্রভাব এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়। উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবন কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা উপস্থিত ছিলেন। নির্বাচিত হিট মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনার এবং বিশ্বব্যাংক ও ইউজিসির সংশ্লিষ্ট প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

দ্বিপক্ষীয় বৈঠক

সভা শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের দ্বিপক্ষীয় বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ সরকার ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে শিক্ষা খাতে বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদার করা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং শিক্ষা খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন