ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেমিনার এবং কিট হস্তান্তর অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজিত সেমিনার ও জাপানের মিতসুবিশি কোম্পানির পক্ষ থেকে অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সংগৃহীত
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজিত সেমিনার ও জাপানের মিতসুবিশি কোম্পানির পক্ষ থেকে অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার রুমে ‘ক্যারিয়ার অপরচুনিটিজ ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড পিএলসি টেকনোলজি’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাপানের মিতসুবিশি ইলেকট্রিক গ্রুপের প্রতিষ্ঠান সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশনের বাংলাদেশ শাখা এবং প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রকৌশলী ও অধ্যাপক ড. রুমা।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, “শিল্পখাতে দক্ষ মানবসম্পদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই ডুয়েটের লক্ষ্য। এই সেমিনার লক্ষ্য পূরণে ও তাদের ক্যারিয়ার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মিতসুবিশি ইলেকট্রিকের দেওয়া অত্যাধুনিক ট্রেনিং কিটগুলো শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্সের ব্যবহারে ইন্ডাস্ট্রিসমূহের র্যাপিড ট্রান্সফরমেশনের এ সময়ে শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনের জন্য যোগ্য হিসেবে প্রস্তুত করতে পারবে, অটোমেশন খাতে গবেষণায় সংযুক্ত হতে পারবে বলে আশাবাদ করেন তিনি।
তিনি সেমিনারটি আয়োজনে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এবং তাদের সাথে ডুয়েটের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে বিদ্যমান ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।
ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসাহিরো ফুজিসাওয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, জাপান-বাংলাদেশ এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সিনিয়র ডিরেক্টর শেখ মো. শরীফুল আলম।
সেমিনার শেষে মিতসুবিশি ইলেক্ট্রিক কোম্পানি আনুষ্ঠানিকভাবে ইইই বিভাগের নিকট অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর করে।