EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এক যুগ ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র, সাপ-পোকামাকড়ের আবাস

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৩২ এএম

এক যুগ ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র, সাপ-পোকামাকড়ের আবাস
অ অ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় ১২ বছর ধরে কার্যত বন্ধ। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স ও ওষুধ না থাকায় স্থানীয় বাসিন্দারা সরকারি এই স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়মিত চিকিৎসাসেবা পাচ্ছেন না। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটির চারপাশে জঙ্গল গড়ে উঠেছে। সেখানে সাপ ও বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বেড়েছে।

কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটির ভবনও দীর্ঘদিনের সংস্কার ও পরিচর্যার অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও দেয়াল ও পলেস্তারা খসে পড়ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেন্দ্রটিতে নিয়মিত চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নেই। স্থায়ী চিকিৎসক ও নার্সও নেই। ফলে প্রয়োজনের সময় চিকিৎসাসেবা নিতে তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল কিংবা পাশের জেলা নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি জরুরি রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ বলেন, আগে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে মানুষ চিকিৎসাসেবা পেতেন। এখন চিকিৎসক, নার্স ও ওষুধের সংকট রয়েছে। চিকিৎসা নিতে এসে অনেকেই সেবা না পেয়ে ফিরে যান। দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করে চিকিৎসাসেবা চালুর দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা মাহবুবর রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় পুরো এলাকা জঙ্গলে পরিণত হয়েছে। ভবনের দেয়াল ও পলেস্তারা খসে পড়ছে। সেখানে সাপসহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও রয়েছে। ভবনটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

এ বিষয়ে লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হাসান বলেন, লক্ষ্মীপুরের অনেক স্বাস্থ্যকেন্দ্র ১৯৮০-এর দশকে নির্মিত হওয়ায় বর্তমানে সেগুলোর বেশ কয়েকটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বর্তমানে একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। শিগগিরই একজন নার্স যোগ দেবেন এবং ওষুধ সরবরাহ করা হবে।

নাজমুল হাসান আরও বলেন, লক্ষ্মীপুরের আটটি স্বাস্থ্যকেন্দ্রে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও তিনতলা ভবন নির্মাণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত নতুন ভবন নির্মাণ, চিকিৎসক ও নার্স পদায়ন এবং নিয়মিত ওষুধ সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন