আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ: দুলু
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
আইনের শাসন প্রতিষ্ঠা এবং নৈরাজ্য প্রতিরোধে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন। জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সরকারি সেবামূলক কার্যক্রমে অনিয়ম প্রতিরোধে নজরদারি বাড়ানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হক।
এ ছাড়া সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।