তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতায় পিকেএসএফ-ইআরএফের সমঝোতা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি সংগৃহীত
বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন নিয়ে তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতা জোরদারে একসঙ্গে কাজ করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পিকেএসএফ ভবন-১-এ দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে পিকেএসএফ-এর পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান এবং ইআরএফ-এর পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ইআরএফ-এর প্রেসিডেন্ট দৌলত আকতার মালাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ইআরএফ সদস্যদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং কর্মশালার উদ্যোগ নেওয়া হবে।পাশাপাশি পিকেএসএফ-এর বিভিন্ন কার্যক্রম, গবেষণা, সমীক্ষা, উদ্ভাবন ও প্রকাশনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা এবং এসব বিষয়ে তথ্য ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা হবে।
এছাড়া পিকেএসএফ-এর মাঠপর্যায়ের উন্নয়ন উদ্যোগ, মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুবিধার্থে ইআরএফ সদস্যদের জন্য মিডিয়া ভিজিট বা মাঠ পরিদর্শনের বিশেষ আয়োজন করা হবে বলে জানানো হয়।