কানাডা হাইকমিশনে প্রদর্শিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রহর’ ও ‘স্বপ্নজয়ী’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের তরুণদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বারিধারায় কানাডা ক্লাবে। কানাডা হাইকমিশনের সহযোগিতায় যৌথভাবে এ আয়োজন করে উইটনেস ফাউন্ডেশন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ‘ক্যামেরায় গাঁথি শান্তির গল্প’ উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিনিধি ও কূটনীতিকদের উপস্থিতিতে চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হয়। তরুণ নির্মাতা নাদিয়া হোসেন ও সাজু বড়ুয়ার নির্মিত ‘প্রহর’ ও ‘স্বপ্নজয়ী’ চলচ্চিত্র দুটি অনুষ্ঠানে দেখানো হয়।
কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভসের (সিএফএলআই) সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পে ১৯৩টি আবেদনের মধ্য থেকে বাছাই করে ১১ জন নারী ও ১৪ জন পুরুষসহ মোট ২৫ জন তরুণ-তরুণীকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। প্রশিক্ষণে তারা চলচ্চিত্র নির্মাণ, গল্প বলার কৌশল, নেতৃত্ব ও অংশগ্রহণমূলক সুশাসন সম্পর্কে ধারণা নেন। পরে মেন্টরদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা নিজেরাই চিত্রনাট্য তৈরি করে চলচ্চিত্র দুটি নির্মাণ করেন।
‘প্রহর’ চলচ্চিত্রে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার কারণে সৃষ্ট সহিংসতার প্রভাব তুলে ধরা হয়েছে। অন্যদিকে ‘স্বপ্নজয়ী’ চলচ্চিত্রে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, দারিদ্র্য ও বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা একটি উপকূলীয় পরিবারের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এবং উইটনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী। ফাউন্ডেশনের চেয়ারপারসন শীলা হাফিজা বলেন, তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কানাডা হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিসের পরিচালনায় আলোচনায় জাতিসংঘসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
প্রদর্শনী শেষে হাইকমিশনার অজিত সিং তরুণদের নির্মিত চলচ্চিত্র দুটির প্রশংসা করেন। বিশেষ করে ‘স্বপ্নজয়ী’ চলচ্চিত্রটি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি তাঁর দীর্ঘদিন মনে থাকবে।
উল্লেখ্য, তরুণদের ক্ষমতায়ন, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সংহতি নিয়ে কাজ করা উইটনেস ফাউন্ডেশন (পূর্বে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন) দেশজুড়ে তরুণ নেতৃত্ব বিকাশে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।