EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ ৪ জন রিমান্ডে

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ ৪ জন রিমান্ডে

ছবি: সংগৃহীত

অ অ

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনসহ সংগঠনটির চার নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ।

শুনানি শেষে আদালত চারজনের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন, বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু এবং ফেরদৌস হোসেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা ও হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শাহিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ ১১টির বেশি মামলা এবং ভাদুর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরক আইনের মামলাসহ ৯টির বেশি মামলা রয়েছে।

পুলিশ জানায়, অন্য দুইজনের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা এজাহারভুক্ত আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন বলে দাবি পুলিশের।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলী ব্রিজ এলাকার একটি রিসোর্ট ও আশপাশে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাদের বগুড়ায় এনে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার শাহিনের বয়স ৫২ বছর। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনভেটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপনের বয়স ৬০ বছর এবং তিনি একই উপজেলার গন্ডগ্রাম এলাকার মৃত আখতার হোসেনের ছেলে। সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদুর বয়স ২৯ বছর। তিনি বগুড়া মহানগরের নারুলী পশ্চিমপাড়ার মৃত আব্দুল বারিকের ছেলে। ফেরদৌস হোসেনের বয়স ২৬ বছর এবং তিনি বগুড়া মহানগরের কলোনি চকলোকমান এলাকার বাসিন্দা।

আরও পড়ুন