পিকেএসএফের প্রকল্পে ২.১৫ অতিদরিদ্র পরিবারের জীবনে টেকসই পরিবর্তন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিআইপি-ইউইউ)’ প্রকল্প জলবায়ু-ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার ২ লাখ ১৫ হাজার অতিদরিদ্র পরিবারের জীবন ও জীবিকায় টেকসই পরিবর্তন এসেছে বলে জানিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সিমলি পুওর-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইউ)’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।
ফজলুল কাদের জানান, ১৯টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের ১২টি জেলার ৩৫টি উপজেলার ১৪৫টি ইউনিয়নে প্রায় ৮.৬ লাখ মানুষের ২.১৫ লাখ অতি দরিদ্র পরিবারকে প্রকল্পের আওতায় সমন্বিত সেবা দেওয়া হয়েছে।
এর ফলে প্রকল্পভুক্ত পরিবারগুলোতে অতি দরিদ্রের হার ৬২.৭ শতাংশ থেকে প্রায় ২২ শতাংশে নেমে এসেছে। এছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বকৃতির হার ৪৮ শতাংশ থেকে কমে ২২.৮ শতাংশ হয়েছে, যা জাতীয় গড়ের চেয়েও কম; কুশতার হার ১৭ শতাংশ থেকে কমে ১২.৪ শতাংশ হয়েছে।
তিনি বলেন, খাদ্যনিরাপত্তা অর্জনকারী পরিবারের হার ৩৬ শতাংশ থেকে বেড়ে ৮৩.৮ শতাংশ এবং জলবায়ুজনিত অভিঘাত মোকাবিলায় সক্ষম পরিবারের হার ১৮ শতাংশ থেকে বেড়ে ৮৯.১ শতাংশে উন্নীত হয়েছে। পাশাপাশি, পরিবারগুলোর বিক্রয়যোগ্য উৎপাদনশীল সম্পদের গড় মূল্য প্রায় ২৩,৭৫০ টাকা থেকে বেড়ে ১,২২,১৮৯ টাকায় দাঁড়িয়েছে এবং ৮,৪৩৩ জন সদস্য ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে উন্নীত হয়েছেন।
পিপিআইপি-ইউইউ প্রকল্পের পরিচালক সেলিনা শরীফ তার উপস্থাপনায় জানান, প্রকল্পের আওতায় চিহ্নিত ১৮,৪৬৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ১২,০১৪ জন সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধার আওতায় এসেছেন। প্রতিবন্ধী ব্যক্তিসহ ৪,২৪৯ জন অতিদরিদ্র সদস্য বর্তমানে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিতে প্রতিনিধিত্ব করছেন। একটি স্বাধীন কস্ট-বেনিফিট বিশ্লেষণে দেখা গেছে, প্রকল্পে বিনিয়োগ করা প্রতি ১ টাকায় আনুমানিক ৯.২২ টাকার সুফল সৃষ্টি হয়েছে। প্রকল্প-পরবর্তী ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রকল্পভুক্ত পরিবারের ৬০ শতাংশেরও বেশি ইতোমধ্যে পিকেএসএফ-এর মূলধারার ক্ষুদ্রঋণ সেবার সঙ্গে যুক্ত হয়েছে এবং প্রকল্পের ১২৮টি প্রকল্প ইউনিট পরিচালনগত স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
পিকেএসএফ ভবনে পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন মাইকেল ক্রেজা। অনুষ্ঠান ও প্রকল্প বিষয়ক উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফের মহাব্যবস্থাপক এবং পিপিআইপি-ইউইউ প্রকল্পের পরিচালক সেপিনা শরীফ।