লক্ষ্মীপুরে সার-বীজ-কীটনাশকের ৩ দোকানে ৫ হাজার টাকা জরিমানা
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম
লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজারের গোডাউন রোড ও দালাল বাজার এলাকায় সার, বীজ ও কীটনাশকের তিনটি দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানগুলোতে কৃষি বিপণন লাইসেন্স না থাকা, কীটনাশক বিক্রির যথাযথ রেজিস্টার সংরক্ষণ না করা, বীজ ও কীটনাশক সঠিকভাবে সংরক্ষণ না করা এবং উন্মুক্ত স্থানে সার ফেলে রাখার মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬, বীজ আইন, ২০১৮ এবং কৃষি বিপণন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে সহকারী কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সার, বীজ ও কীটনাশক বিক্রি ও সংরক্ষণে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।