EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জ্বালানির দাম সহনীয় রাখতে বাস্তবসম্মত পরিকল্পনার নির্দেশ সংসদীয় কমিটির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

জ্বালানির দাম সহনীয় রাখতে বাস্তবসম্মত পরিকল্পনার নির্দেশ সংসদীয় কমিটির
অ অ

জনগণের স্বস্তি নিশ্চিত করতে জ্বালানির দাম সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন এবং তা সংসদীয় কমিটির কাছে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সংক্রান্ত কমিটি।

একই সঙ্গে দেশের জ্বালানি সংকট, মজুদ ও সংরক্ষণ সক্ষমতা এবং বিভিন্ন সময়ে জ্বালানির দাম বাড়ানো ও সমন্বয়ের কারণ ব্যাখ্যা করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৈঠকে বিপিসি ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন সময়ে পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি ও সমন্বয়ের কারণ, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখার টেকসই উপায় এবং মূল্য নির্ধারণে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয়টিও বৈঠকে উত্থাপন করা হয়। জ্বালানি সরবরাহ ব্যবস্থা সংকটকালীন ও পরবর্তী সময়ে একই থাকার পরও কীভাবে মূল্য বৃদ্ধির মাধ্যমে সংকট মোকাবিলা করা হয়েছে, সে বিষয়ে বিপিসির কাছে লিখিত ও সুনির্দিষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ ছাড়া দেশের বর্তমান জ্বালানি চাহিদা, মজুদ ও সংরক্ষণের সক্ষমতা এবং ভবিষ্যৎ সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বিপিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন