এআই ব্যবহারে সতর্কতা, সৃজনশীলতা ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এআইয়ের অনিয়ন্ত্রিত ও যথেচ্ছ ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমিয়ে দিতে পারে। তাই জনকল্যাণে এআইয়ের পরিমিত ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো ও জৈবপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও এগিয়ে আসতে হবে।
এআই যাতে নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার যেন মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার বিকাশে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
সাক্ষাৎকালে কুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, উন্নত শিক্ষাব্যবস্থার সুযোগ শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং কুয়েটের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
-6abb7a7e1cbe6.jpg)