শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দ
আবু সাঈদের আত্মত্যাগ তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
রংপুরে শহীদ আবু সাঈদের পৈতৃক বাড়িতে নতুন ঘর নির্মাণ, তার বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রতিমন্ত্রী আবু সাঈদের কবর জিয়ারত করেন।
শহীদ আবু সাঈদকে গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার কাজ করছে। আবু সাঈদের আত্মত্যাগ তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আবু সাঈদ গণঅভ্যুত্থানের বীর। আমরা আবু সাঈদকে ছড়িয়ে দিতে চাই। এক কোটি টাকার এই উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি জানান, আবু সাঈদের পৈতৃক বাড়ি, আবু সাঈদ ফাউন্ডেশন ও কবরস্থানের অবকাঠামো সম্প্রসারণে এই অর্থ ব্যয় করা হবে। এ কাজ বাস্তবায়নে রংপুর জেলা পরিষদকে নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ সময় বিরোধী দলের কর্মসূচি নিয়েও মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধী দল বিদেশি এজেন্ডায় কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।
রংপুরে বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘লংমার্চ করে কখনো সমস্যার সমাধান হবে না।’ তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলের এমপিরা নিজ নিজ নির্বাচনি এলাকায় কর্মী লেলিয়ে দিয়ে সারের সংকট সৃষ্টি করছেন।