আদাবরে বাড়ি দখলের চেষ্টায় ভাঙচুর-চাঁদাবাজি, গুলিবিদ্ধসহ আরও গ্রেপ্তার ৪
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ১০ জন গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)। এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আরও একজনকে গ্রেপ্তার করে।
আদাবর থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় জড়িত কয়েকজন নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৭-৮ জনকে দেখতে পায় পুলিশের একটি দল।
পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে বলে দাবি পুলিশের। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার পায়ে গুলিবিদ্ধ হন।
পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজিব হাওলাদার আলোচিত মোহাম্মদপুরের বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ভোরে খুরশিদ আলম খানের নেতৃত্বে ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিংয়ের ৪১ ও ৪২ নম্বর প্লটে হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা ও ভাঙচুর করে। এ ঘটনায় আদাবর থানায় মামলা করা হয়।