পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছয় প্রেসে শিক্ষামন্ত্রী
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কালি ব্যবহারের প্রমাণ পেয়ে কড়া নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী...
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ এএম
মধ্যরাতে রাজধানীর একটি প্রিন্টিং প্রেসে পাঠ্যবই ছাপার কাজ পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার অগ্রগতি ও মান যাচাই করতে মধ্যরাতে রাজধানীর ছয়টি প্রিন্টিং প্রেস পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার রাত ১২টার পর তিনি এই পরিদর্শন করেন।
এ সময় ছাপানো বইয়ের কাগজ, মুদ্রণের গুণগত মান এবং ছাপার কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন তিনি।
শিক্ষামন্ত্রীর পরিদর্শন করা প্রেসগুলো হলো— মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।
পরিদর্শনের সময় কয়েকটি প্রেসে ছাপার কাজে অসঙ্গতি দেখতে পান শিক্ষামন্ত্রী। নিম্নমানের কালি ব্যবহারের কারণে পাঠ্যবইয়ের ছবি ঝাপসা ও বিবর্ণ হয়ে যাওয়ার বিষয়টি তার নজরে আসে। এরপর বই ছাপার কাজে নিম্নমানের কালি ব্যবহার না করার নির্দেশ দেন তিনি।