ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপস: নাগরিক সেবায় নতুন আস্থা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘ক্লিন কেয়ার’ অ্যাপস। সংগৃহীত
নগরবাসীর পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে চলতি বছরের ৭ জুলাই ‘ক্লিন কেয়ার’ অ্যাপস চালু হয়। কার্যক্রম শুরুর পর গত দুই মাসে সোমবার (২৮ সেপ্টেম্বর পর্যন্ত) ক্লিন কেয়ার অ্যাপসের মাধ্যমে সর্বমোট ১ হাজার ৪৬১টি অভিযোগ পাওয়া গেছে। গত ১ আগস্ট থেকে অ্যাপটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর পর এর মধ্যে ১ হাজার ২০টি অভিযোগ সফলভাবে সমাধান করা হয়েছে।
অবশিষ্ট ৪৪১টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। ঢাকা সিটি কর্পোরেশনের জনংযোগ কর্মকর্তা রাসেল রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্যের বিষয়ে জানানো হয়েছে।
নাগরিক সন্তুষ্টির দিক থেকে অ্যাপটির গড় রেটিং ৫-এর মধ্যে ৪.৫ এবং ব্যবহারকারীদের ৮৯ শতাংশই ইতিবাচক মতামত প্রকাশ করেছেন। স্বল্প সময়ের মধ্যে এমন প্রতিক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মটির কার্যকারিতা ও প্রযুক্তিনির্ভর নাগরিক সেবায় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রমাণ দেয়।
অ্যাপটির মাধ্যমে নাগরিকরা সহজে পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা জানাতে পারছেন। প্রতিটি অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে ডিএসসিসির জবাবদিহিতা ও সেবার গতি বৃদ্ধি করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রাহকরা ক্লিন কেয়ার অ্যাপস ডাউনলোড লিংক থেকে অ্যাপটি ব্যবহার করতে পারছেন।
উদ্যোগটি সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, “পরিচ্ছন্ন নগর গঠনে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ক্লিন কেয়ার অ্যাপসের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।”
অ্যাপসের প্রতি আস্থা রাখার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান, সেবা আরও বিস্তৃত করতে ভবিষ্যতে ডিএসসিসির অন্যান্য নাগরিক সেবাসমূহকে এই অ্যাপের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে জবাবদিহিমূলক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিএসসিসি এই ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল সিস্টেমটি চালু করে।