ফ্রিল্যান্সার পরিচয়ে জাল নথি তৈরি চক্রের ৪ সদস্য আটক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: বিদেশগামী ব্যক্তিদের টার্গেট করে অনলাইনে প্রতারণা ও জাল নথি তৈরি করে বিভিন্ন চক্র। সংগৃহীত
শিক্ষার্থী ও ফ্রিল্যান্সার পরিচয়ে দীর্ঘদিন ধরে থাকতেন ভাড়া বাসায়। বাইরে থেকে চলা ফেরায় বুঝা না গেলেও আড়ালে চলতো বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের টার্গেট করে অনলাইন ভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির কার্যক্রম। অবশেষে যশোরে অভিযান চালিয়ে অবৈধ নথি ও ইলেকট্রনিক সরঞ্জামসহ এ চক্রের চারজনকে আটক করেছে এসআরবি-৬ সদস্যরা।
এসময় তাদের থেকে বিভিন্ন দেশের নামে করা জাল ড্রাইভিং লাইসেন্স, ১৭ টি মোবাইল ফোন, ভোটার আইডি কার্ড, অনলাইনে জাল নথিতে ব্যবহৃত কম্পিউটারসহ ব্যাপক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের শহরের রেলবাজার এলাকায় লাল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক আল মুছাব্বির রিয়াদ ঝিনাইদহের সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে, রাসেল হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে, ফাহিম সাদিক ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে থেকে এ চক্রটি কাজ করতো। তাদের মূল টার্গেট ছিল বিদেশগামী ব্যক্তিরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া তথ্যমতে, তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্ডের তথ্য সংগ্রহ বা হ্যাক করে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে জাল নথি তৈরি করতেন। পরে এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে বিক্রি করা হতো।
এসব অবৈধ কাগজপত্র ব্যবহার করে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা প্রতারণার শিকার হতেন বলে অভিযোগ রয়েছে।
ভবন মালিকের সূত্রে জানা গেছে, একমাস আগে তারা ফ্রিল্যান্সার পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল। ভাড়া নেওয়ার সময় আইটি পার্কে তাদের অফিস ‘ডিজিটাল ভ্যালি’ ও মোটর পার্টসের দোকান আছে বলে জানায় ওই ব্যক্তিরা। তাদের এনআইডি কার্ডও জমা নেওয়া হয়েছিল বাসা ভাড়া দেওয়ার সময়।
এসআরবি-৬ এর কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। এসময় বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটার-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এছাড়া তারা অনলাইনে বিভিন্ন অবৈধ অ্যাপস ব্যবহার করে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ অর্থ লেনদেন করতো বলেও জানান তিনি। অভিযানে এসব কাজে ব্যবহৃত ১৭টি ফোন, কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত আরো যাচাই বাছাই চলছে বলে জানান তিনি।
এসআরবি-৬ জানিয়েছে, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।