EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শহীদ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরির সুপারিশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

শহীদ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরির সুপারিশ
অ অ

মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ব্যবস্থা গ্রহণ এবং মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

এ ছাড়া আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে বলেও আলোচনায় উল্লেখ করা হয়।

বৈঠকে গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া গুরুত্বপূর্ণ কার্যক্রম ও তার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া আগের বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. আব্দুল হান্নান এবং রোকেয়া বেগম বৈঠকে অংশ নেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন