EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন

চার দিনের সফরে ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন
অ অ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর চার দিনের নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি ও অর্জনের তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন সভায় অংশ নেন। চার দিনের সফরে তিনি মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে একটি ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য এবং ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ ছাড়া জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, সরকারের ‘থ্রি-আর’ কৌশল, নারী ও তরুণদের ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন এবং এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, মিয়ানমারে সহিংসতার অবসান এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া তুরস্ক ও ইরানের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এবং ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের তথ্যও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ছিল নতুন সরকারের জন্য প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

গত ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর ভোরে তিনি দেশে পৌঁছান।

আরও পড়ুন