মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফের স্বাস্থ্যসেবা, চলছে সংস্কার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। সংস্কারকাজের পাশাপাশি সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে খোলা আকাশের নিচে স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু রাখা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ডও পুনরায় টাঙানো হয়।
ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কারকাজ চলছে। তিনি বলেন, দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার উপযোগী করে স্বাস্থ্যকেন্দ্রটি প্রস্তুত করা হবে।
সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, হামলার ঘটনার পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়। পরে সেটি সরিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড লাগানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
