গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতেই সাইবার আইন: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
গণমাধ্যম যেন নিরাপদ পরিবেশে কাজ করতে পারে, তা নিশ্চিত করতেই সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে আইনটি যেন কোনোভাবেই নিপীড়নমূলক না হয়, সে জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমকে হয়রানি বা টার্গেট করার উদ্দেশ্যে আইনটি করা হচ্ছে না। বরং এই আইনের মাধ্যমে গণমাধ্যমের কেউ যেন অন্যায়ভাবে ভুক্তভোগী না হন, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে।
‘মিডিয়াকে টার্গেট করে এই আইন করা হচ্ছে না। এই আইন দিয়ে মিডিয়া অন্যায়ভাবে যেন ভিকটিম না হয়, সেজন্য গণমাধ্যমের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার,’ বলেন তিনি।
তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে গণমাধ্যমের কাছ থেকে মতামত নেওয়া হবে। এসব মতামত পর্যালোচনার পর আইনটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর আইনটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে আলোচনা হবে। সব প্রক্রিয়া শেষে এক মাসের মধ্যে আইনটি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, ‘এমন একটা আইন করতে চাই, যেন সমাজের সব স্তরের মানুষকে রক্ষা করতে পারি।’
সাইবার প্রযুক্তির অপব্যবহারের কারণে যুবসমাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও নতুন আইন প্রণয়নের অন্যতম লক্ষ্য বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
-6ab79e01a8f08.jpg)