EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কথোপকথন ও নগদ টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হয়। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে।

ভিডিওর একটি অংশে নুরুল আমিনকে একটি বিলের বিপরীতে ২ কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায়। তাকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না।’ এ সময় তিনি চেয়ারম্যানের কাছে যাওয়ার বিষয়েও কথা বলেন।

ভিডিওর আরেক অংশে তাকে বলতে শোনা যায়, একটি কাজের জন্য মালামালের প্রকৃত খরচ এবং আত্মসাতের অভিযোগ নিয়ে আলোচনা করতে। একপর্যায়ে তিনি বলেন, ‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’

এ ছাড়া ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নুরুল আমিনকে নগদ টাকা গ্রহণ করতে দেখা যায়। তবে তাদের কারও মুখ স্পষ্ট নয় এবং তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে টাকা নিয়ে কথোপকথনের অংশও রয়েছে। সেখানে ওই ব্যক্তিকে ‘এখানে কত’ জানতে চান নুরুল আমিন। জবাবে ওই ব্যক্তি ‘৩৫’ বললে তিনি ‘এক লাখ ৩৫’ বলেন। পরে ওই ব্যক্তি আগে ১ লাখ টাকা দেওয়ার কথা জানান।


তবে ভিডিওটি কবে এবং কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটির সত্যতা এবং এতে থাকা বক্তব্যের প্রেক্ষাপটও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ভিডিওতে থাকা কথোপকথন ও টাকা গ্রহণের দৃশ্যের ভিত্তিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বক্তব্য জানতে তার দাপ্তরিক মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন