EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৬০৪ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুদক

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

৬০৪ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

অ অ

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে ৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও তাঁর ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক জানায়, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি অস্তিত্বহীন কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন করা হয় এবং পরে সেই ঋণের পরিমাণও বাড়ানো হয়। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ওই প্রতিষ্ঠানের নামে প্রায় ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা ঋণ বিতরণ ও নগদে উত্তোলন করা হয়। সুদ ও অন্যান্য চার্জসহ এতে আইএফআইসি ব্যাংকের মোট আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা।

দুদকের অভিযোগ, ব্যাংকের নিজস্ব নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে এসব ঋণ দেওয়া হয়েছে। আত্মসাৎ করা অর্থের উৎস ও গন্তব্য আড়াল করতে নগদে উত্তোলন, স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

সালমান এফ রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানসহ মোট ২৫ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা করা হবে।

আরও পড়ুন