গোপন বৈঠকের অভিযোগে জাসদ কার্যালয়ে আটক ২৭৮, যাচাই শেষে মুক্ত ২৪৯
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে— এমন অভিযোগে আজ দুপুরে রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অভিযান চালিয়ে ২৭৮ জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে ২৪৯ জনকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা ২৯ জনের পরিচয় যাচাই চলছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া।
তিনি বলেন, জাসদের নেতাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের পর পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বয়োবৃদ্ধ ব্যক্তিরাও রয়েছেন।
পুলিশের হেফাজতে থাকা ২৯ জনের বিষয়ে এসি সাকিবুল আলম ভূঁইয়া বলেন, তাদের পরিচয়ও যাচাই-বাছাই করা হচ্ছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাসদের প্রধান কার্যালয় ঘেরাও করেন যুবদলের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে, এমন অভিযোগ তুলে তারা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পল্টন থানা পুলিশ কার্যালয়ে অভিযান চালিয়ে ২৪৯ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ তখন জানিয়েছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে একত্রিত হয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
