EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফুলবাড়ীতে রাতের আঁধারে ১৫০টি কলাগাছ কাটার অভিযোগ

ডেইলি সান রিপোর্ট, ফুলবাড়ী (দিনাজপুর)

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

ফুলবাড়ীতে রাতের আঁধারে ১৫০টি কলাগাছ কাটার অভিযোগ

ছবি: সংগৃহীত

অ অ

দিনাজপুরের ফুলবাড়ীতে পূর্বশত্রুতার জেরে জমিতে রোপণ করা প্রায় ১৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।  উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া মৌজায় এ ঘটনা ঘটে বলে ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নবীকুল ইসলাম।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গত ২০ সেপ্টেম্বর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন নবীকুল ইসলাম। অভিযোগে মো.শরিফুল, মো.নাজিমুদ্দিন, মো. মাহাবুব ও মো. মোবার নাম উল্লেখ করেছেন।

জানা গেছে, বারাইপাড়া মৌজার ১০ শতক জমি নবীকুল ইসলামের নানি বীরফুল বিবির নামে এসএ খতিয়ানে রেকর্ডভুক্ত ছিল। নানির মৃত্যুর পর তাঁর মা আমিনা বেগম ওয়ারিশসূত্রে ওই জমি পান। মায়ের মৃত্যুর পর তিনি ওয়ারিশ হিসেবে জমিটির মালিকানা দাবি করে সেখানে কলাগাছ রোপণ করেন।

লিখিত অভিযোগে বলা হয়, জমিটি দখলের চেষ্টা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে নবীকুল ইসলামের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক একটার দিকে অভিযুক্ত ব্যক্তিরা জমিতে রোপণ করা প্রায় ১৫০টি কলাগাছ কেটে ফেলে রাখেন বলে অভিযোগ উল্লেখ করেন।

নবীকুল ইসলাম অভিযোগে আরও বলেন, পরদিন সকালে জমিতে গিয়ে তিনি কলাগাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজনের কাছে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তিরা রাতে কলাগাছগুলো কেটে ফেলার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে তিনি আবার কলাগাছ লাগালে সেগুলোও কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন করেন তিনি।

এ ঘটনায় তাঁর প্রায় এক লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাজিম উদ্দিন বলেন, উক্ত জমির মালিক গ্রামের মসজিদ কমিটি, মসজিদ কমিটির ব্যক্তিরা তাদের জমি দখলে নিতে কলাগাছ কেটেছে। এখানে তাদের সঙ্গে সংশ্লিষ্টতা নাই, অথচ পূর্ব বিরোধের জেরে তাদের নামে অভিযোগ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন