অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা চান আইনমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে মানুষের প্রবেশাধিকার বাড়ানো, প্রাতিষ্ঠানিক জবাবদিহি জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আইনমন্ত্রী এসব কথা বলেন।
২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) এই কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী।
বক্তব্যে মো. আসাদুজ্জামান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশের বিচারিক সংস্কারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।
আইনমন্ত্রী বলেন, বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টিও তুলে ধরেন। একই সঙ্গে ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান।
আইনমন্ত্রী আরও বলেন, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
এর ফলে মামলার দ্রুত নিষ্পত্তি এবং মামলাজট কমানোর সুযোগ তৈরি হবে বলে জানান তিনি। একই সঙ্গে সময়োপযোগী ও ন্যায়সংগত বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করার কথাও বলেন আইনমন্ত্রী।
ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) পাঁচ বছর পরপর এই আন্তর্জাতিক কংগ্রেসের আয়োজন করে।
বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
