বিশ্ব পর্যটন দিবসে বর্ণিল শোভাযাত্রা, নজর কাড়ল ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে সামনে রেখে রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল শোভাযাত্রা।
সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ সিদ্দিকী।
শোভাযাত্রায় আবহমান বাংলার জীবনধারা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য এবং ঢাকার সমৃদ্ধ সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আমন্ত্রণে আয়োজিত জাতীয় এ শোভাযাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যটন সংস্থা অংশ নেয়। এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ে ক্রীড়া ও অ্যাডভেঞ্চার পর্যটন নিয়ে কাজ করা সংগঠন ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’-এর অংশগ্রহণ।
বর্ণিল ব্যানার ও নানা আয়োজন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন সংগঠনটির সদস্যরা। তাদের অংশগ্রহণে দেশের উপকূলীয় পর্যটন ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের সম্ভাবনার বিষয়টিও সামনে আসে।
ডিসেম্বরে বসছে ‘কোস্টাল আলট্রা ২০২৬’
কক্সবাজারের মেরিন ড্রাইভকে কেন্দ্র করে আয়োজিত দেশের দীর্ঘতম আলট্রা ম্যারাথন ‘কোস্টাল আলট্রা’ পর্যটন, প্রকৃতি ও অ্যাডভেঞ্চার স্পোর্টসকে একসূত্রে যুক্ত করেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘কোস্টাল আলট্রা ২০২৬’। এবারের আয়োজনে ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কিলোমিটার—এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে।
দেশি-বিদেশি পাঁচ শতাধিক আলট্রা দৌড়বিদ এতে অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
আয়োজকদের ভাষ্য, বিশ্ব পর্যটন দিবসের মতো জাতীয় ও আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে দেশের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।
তারা মনে করছেন, পর্যটনকে ক্রীড়া, অ্যাডভেঞ্চার ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করে এ ধরনের আয়োজন দেশের পর্যটন খাতকে আরও ডিজিটাল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে ভূমিকা রাখতে পারে।