EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কানাডায় চাকরির প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

কানাডায় চাকরির প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভনে ভুয়া কাগজপত্র তৈরি করে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার নারীর নাম নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার (২৬)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগীর সঙ্গে ৩০ লাখ টাকার মৌখিক চুক্তি করেন সালমা। এরপর ২০২৫ সালের ২৮ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশে ১৭ লাখ ৮১ হাজার ৮৯০ টাকা এবং নগদ ও রকেটের মাধ্যমে আরও ২ লাখ ২৮ হাজার ৮১০ টাকা নেওয়া হয়।

টাকা নেওয়ার পর কানাডায় যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে ভুক্তভোগীকে দেওয়া হয়। পরে কানাডা দূতাবাসে যোগাযোগ করলে যাচাই-বাছাইয়ের পর এসব কাগজপত্র ভুয়া বলে জানানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ২০২৫ সালের ৭ নভেম্বর কাফরুল থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিআইডি বলছে, সালমাসহ চক্রের অন্য সদস্যরা বিদেশে পাঠানোর কথা বলে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। গোয়েন্দা তথ্য ও মামলার তথ্য বিশ্লেষণ করে সালমার প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থের গতিপথ খুঁজে বের করতে তদন্ত চলছে।

আরও পড়ুন