কলেজছাত্রকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে (২২) পিটিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে জুবায়ের ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেন। কর্মসূচিতে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়িয়ে গ্রামের বাড়ি ফেরার পথে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়।
জুবায়ের একই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে ২ নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ ও এসআরবি।