ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাট, আটক ২
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন নিউ জিনি কনডোমিনিয়াম সিটি এলাকায় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ব্রাউন ফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে একদল দুর্বৃত্ত স্টুডিওটিতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ডেইলি সানকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসিবি চত্বর এলাকায় একটি কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হামলার কারণ সম্পর্কে জানা যাবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
সালমান মুক্তাদির বলেন, তার কাছে ব্যক্তিগতভাবে কেউ চাঁদা দাবি করেননি। তবে স্থানীয় বিএনপির এক নেতা জমির মালিকের কাছে অর্থ দাবি করেছিলেন বলে তিনি দাবি করেন। এ বিরোধের সঙ্গে স্টুডিওতে হামলার কোনো যোগসূত্র থাকতে পারে বলে তার সন্দেহ।
সালমানের ভাষ্য, প্রায় ১৫০ থেকে ২০০ জন তিন থেকে চারটি ট্রাকে করে এসে স্টুডিওতে হামলা চালায়। এ সময় বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি মালামাল লুট করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, শুধু স্টুডিও নয়, পুরো ভবন চত্বরের বিভিন্ন অংশেও ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে।
হামলার সময় সালমান মুক্তাদির চট্টগ্রামে ছিলেন। ঘটনার খবর পেয়ে তিনি ঢাকায় ফেরেন। ওই সময় তার দুই কর্মী স্টুডিওর ভেতরে ছিলেন। স্টুডিও ও আশপাশের এলাকায় কনটেন্ট নির্মাতার দাবি অনুযায়ী প্রায় ২৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল।