EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শিশুর নিরাপত্তায় উদীচীর প্রতিবাদী সমাবেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

শিশুর নিরাপত্তায় উদীচীর প্রতিবাদী সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাংস্কৃতিক সমাবেশ করছে উদীচী। ছবি: মফিদুল ইসলাম

অ অ

দেশে শিশু নিখোঁজ, অপহরণ, নির্যাতন ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে উদীচী। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ ঢাকা মহানগর সংসদ এ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে।

উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি বিমল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ হলেও বর্তমানে বাংলাদেশে শিশুরাই সবচেয়ে বেশি অনিরাপদ। প্রতিনিয়ত শিশুরা নিখোঁজ, অপহরণ, ধর্ষণ, বলাৎকার ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে হামের মতো প্রায় ভুলে যাওয়া রোগে ইতোমধ্যে প্রায় ১১শ শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু এত কিছুর পরও শিশুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে বড় করে তুলতে সাংস্কৃতিক জাগরণের কোনো বিকল্প নেই উল্লেখ করে বক্তারা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা ও খেলাধুলা বাধ্যতামূলক করার দাবি জানান।

প্রতিবাদী এই সমাবেশে সংস্কৃতির শক্তির মাধ্যমে বার্তা দিতে পরিবেশিত হয় নানা সাংস্কৃতিক উপস্থাপনা। খেলাঘরের শিশুরা সম্মিলিত সঙ্গীত পরিবেশন করে। এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পী শাওন কুমার রায় ও অবিনাশ বাউল। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচীর বাচিক শিল্পী মনীষা মজুমদার ও শাহিদা ফাল্গুনী।

সংস্কৃতির শক্তিকে সঙ্গে নিয়ে শিশুদের জন্য একটি নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় উদীচী।

উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি শিখা সেন গুপ্তার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি শংকর আচার্য, সাধারণ সম্পাদক কংকন নাগ, সহ-সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাত, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু। 

আরও পড়ুন