মাদক শুধু ব্যক্তিকে না, পুরো সমাজকে ধ্বংস করে : এস এম জিলানী
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সংগৃহীত।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে ইমাম, মুয়াজ্জিন, প্রশাসন, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ ও পরিবারের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে ওলামা দল আয়োজিত ‘মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। একটি ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। সরকারকে আপনাদের একটু সময় দিতে হবে।
সরকার পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসবে বলে মন্তব্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, তাঁর জীবদ্দশায় কখনো ইসলাম ও আলেম-ওলামাদের নিয়ে কটাক্ষ বা বিরূপ মন্তব্য করেননি। তিনি সব সময় আলেম-ওলামাদের সঙ্গে বসতেন, তাঁদের কথা শুনতেন, তাঁদের পরামর্শ নিতেন এবং পরামর্শ দিতেন।
মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে মাওলানা ওমর ফারুক, মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা বক্তব্য রাখেন।