নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে সরকার: চৌধুরী নায়াব ইউসুফ
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে সর্বস্ব হারানো অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দিচ্ছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সংগৃহীত
‘গত এক দশকে যদি এসব ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত এলাকায় টেকসই নদীশাসন এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হতো, তবে আজ চরাঞ্চলের মানুষকে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। সরকার দ্রুত সময়ের মধ্যে পদ্মার নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে সর্বস্ব হারানো অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আওতায় এসব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত কয়েক শত পরিবারের হাতে এই সহায়তা দান করেন তিনি।
ত্রাণ বিতরণকালে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘ফরিদপুরের চর এলাকার মানুষের সাথে আমার মরহুম পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুগভীর আত্মিক সম্পর্ক ছিল। তিনি মৃত্যুর আগে চরের মানুষের সেবা ও সুরক্ষার দায়িত্ব আমার ওপর সঁপে গেছেন। এই চরাঞ্চলের মানুষ যখনই কোনো বিপদে পড়েছে, আমাদের পরিবার সবসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে।’’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল এবং নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলের অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশ শেষে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে নদীভাঙনে ভিটেমাটিহারা পরিবারগুলোর সদস্যদের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাল এবং পুনর্বাসনের জন্য নগদ অর্থ তুলে দেন।