EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাজী সালাউদ্দিনের অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

গাজী সালাউদ্দিনের অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

অ অ

সম্প্রতি গাজী সালাউদ্দিন তানভীর (যুগ্ম সদস্য সচিব, এনসিপি, বগুড়া) এক সাংবাদিক সম্মেলনে বগুড়া জেলা কারাগারে অবস্থানকালীন বিভিন্ন বক্তব্য দেন। বিষয়টি কারা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর তার অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষের দাবি, বগুড়া জেলা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে গাজী সালাউদ্দিন তানভীরের সঙ্গে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন কিংবা অসদাচরণের ঘটনা ঘটেনি।

এ ছাড়া কোনো বন্দিকে রাতে কারাগার থেকে বাইরে বের করে দিয়ে ভোরে আবার কারাগারে ফিরিয়ে আনার মতো কোনো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, এ ধরনের বক্তব্য ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত।

কারা কর্তৃপক্ষ জানায়, গাজী সালাউদ্দিন তানভীর গত ৫ আগস্ট বগুড়া জেলা কারাগারে আসার পর সেখানে আটক ছিলেন। অসুস্থতার কারণে তাকে কারা হাসপাতালে ভর্তি রাখা হয়। পরে চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৭ সেপ্টেম্বর তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকায় পাঠানো হয়। পরে ১৫ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে তিনি জামিনে মুক্তি পান।

কর্তৃপক্ষের দাবি, তার উত্থাপিত অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়েছে। এতে তার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন কিংবা কারা কর্মকর্তা-কর্মচারীদের অসদাচরণের ঘটনা পাওয়া যায়নি।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের বক্তব্যের ফলে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

গাজী সালাউদ্দিন তানভীরের কাছে অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

প্রকৃত তথ্য যাচাই না করে কারাগারের মতো স্পর্শকাতর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে তারা।

আরও পড়ুন