মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু
‘নিষিদ্ধ আ. লীগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, ‘যেই স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়েছে, সেই স্বৈরাচার আর এই দেশে ফিরে আসবে না।’
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাসের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তখন তিনি উপস্থিত থেকে এসব কথা বলেন।
মিছিলটি ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গোলাকান্দাইল গোলচত্বরে মিছিল শেষ করে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও বলেন, ‘এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করার নির্দেশ দিচ্ছে। এখন থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করবে, তাদের ধরে আইনের কাছে সোপর্দ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।